সারা দেশে একদিনে ডেঙ্গুতে আট, হাম ও উপসর্গে ৬ জনের মৃত্যু

| বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২৬ at ৫:২৪ পূর্বাহ্ণ

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৮৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২০০ জন, চট্টগ্রাম বিভাগে ২১৬ জন, ঢাকা বিভাগে ৭৩০ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ১৭৬ জন, রংপুর বিভাগে ৩৮ জন ও সিলেট বিভাগে ১৪ জন রয়েছেন। খবর বাংলানিউজের।

চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯২ হাজার ২১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মোট ৮৬ হাজার ১৫২ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৮৫২ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ২৮৯ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হামে মোট এক হাজার ৩৯০ জন আক্রান্ত হয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৮০ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ অক্টোবর পর্যন্ত মোট উপসর্গ শনাক্ত হামরোগীর সংখ্যা দুই লাখ ২৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১০ জন। গত ১৫ মার্চ থেকে ৭ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ২০ জন। গত ১৫ মার্চ থেকে ৭ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৭ হাজার ৬৭৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৭০ হাজার ৪৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৭ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত দুইজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৭ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধূর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে তিন রিসোর্টকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা