চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মেয়াদ শেষ হওয়ার মাত্র ১৭ দিন আগে শপথ নিয়েছেন চাকসুর কার্যনির্বাহী সদস্য আকাশ দাশ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে আকাশ দাশকে শপথ পাঠ করান উপাচার্য ও চাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আল্–ফোরকান।
আকাশ দাস ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। তবে গত বছরের ২৪ অক্টোবর চাকসুর শপথগ্রহণ অনুষ্ঠানের একদিন আগে ধর্ষণ নিয়ে এক বিতর্কিত পোস্ট করার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তার শপথ আটকে যায়। পরে তার বিরুদ্ধে তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ২৫ ফেব্রুয়ারি কমিটি তাদের প্রতিবেদন জমা দেয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২১তম সভায় আকাশ দাশকে ক্ষমা করার সিদ্বান্ত হয়। সেই সিদ্ধান্তের পর গতকাল শপথ নিলেন আকাশ।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্–ফোরকান বলেন, তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয়েছে। একবারে শপথ গ্রহণ না করানোর চেয়ে করানো ভালো।












