বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের আয়োজনে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় গত ২–৩ অক্টোবর চট্টগ্রাম এলজিইডি ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ১ম বাংলাদেশ চ্যালেঞ্জার’স কাপ কারাতে প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বাংলাদেশের জেলা, উপজেলা, কারাতে এসোসিয়েশন ও কারাতে ক্লাব হতে ৪০ টি দলের প্রায় ৭৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের শাখা বিকেএফকেএস ২৭টি স্বর্ণ পদক পেয়ে চ্যাম্পিয়ন হয় এবং ফ্রেন্ডস ক্লাব ২২টি স্বর্ণ পদক পেয়ে রানারআপ হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রামের বর্তমান চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) এ.জি.এম. মনিরুল হাসান সরকার।
বিকেএফকেএস সভাপতি মোহাম্মদ আবু সাঈদ সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার বর্তমান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহাগ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক, দূর্নীতি দমন কমিশন (নোয়াখালী অঞ্চল) আহমেদ ফরহাদ হোসেন, ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ হক মুন্না, শামসের আলম ভুঁইয়া, মোহাম্মদ রমজান। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন শিহান এ বি রনি। প্রেস বিজ্ঞপ্তি।












