সিজেকেএস শপিং কমপ্লেক্সের আবর্জনা অবশেষে অপসারণ

জেলা প্রশাসকের নির্দেশনা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

নগরীর কাজীর দেউড়িস্থ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নিয়ন্ত্রণাধীন সিজেকেএস শপিং কমপ্লেক্সের অভ্যন্তরে দীর্ঘ ১২ বছর ধরে স্তূপ হয়েছিল ময়লা–আবর্জনা। অবস্থা এমন হয়েছে ময়লার ভাগাড় মার্কেটটির দোতলা পর্যন্ত ছোঁয়। এ নিয়ে গত ১৯ সেপ্টেম্বর দৈনিক আজাদীতে সরেজমিন প্রতিবেদন ছাপানো হয়। গত ৪ অক্টোবর সিজেকেএস সভাপতি এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় সিজেকেএস শপিং কমপ্লেঙের অভ্যন্তরে স্তুপ হয়ে থাকা ময়লা–আবর্জনা, ভাঙা টাইলস ও বিভিন্ন ধরনের পরিত্যক্ত বর্জ্য অপসারণ শুরু হয়েছে। সিজেকেএস শপিং কমপ্লেঙ দোকান মালিক সমিতির সহযোগিতায় গত ৪ অক্টোবর বিকাল ৫টায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন এ পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন।

দীর্ঘদিন ধরে জমে থাকা এসব বর্জ্যের কারণে সিজেকেএস শপিং কমপ্লেঙের অভ্যন্তর ও আশপাশের পরিবেশের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। সে সাথে ছিল বিপদের হুমকি। যে কোন সময় অগ্নিকান্ডের মতো ঘটনার সূত্রপাত হতে পারতো। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চট্টগ্রামের জেলা প্রশাসকের নির্দেশনায় দীর্ঘদিনের স্তূপকৃত বর্জ্য অপসারণের কার্যক্রম শুরু হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রায় ১৫০ ট্রাক ময়লা–আবর্জনা অপসারণ করা হবে। এই সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. জাহিদুল ইসলাম মিঞার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসাধারণের ব্যবহার্য স্থানগুলোতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। দীর্ঘ ১২ বছর ধরে স্তুপ হয়ে থাকা বিপুল পরিমাণ বর্জ্য অপসারণের এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন সিজেকেএস শপিং কমপ্লেক্সের পরিবেশ ও সৌন্দর্য ফিরে আসবে, তেমনি চট্টগ্রাম জেলা প্রশাসনের জনস্বার্থ ও পরিবেশবান্ধব কার্যক্রমে এটি একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত সৃষ্টি হয়ে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘদিন অবহেলিত ছোটপুল-পুলিশ লাইন সড়কে কার্পেটিং কাজ শুরু
পরবর্তী নিবন্ধমুসলিম মনীষা স্মৃতি পরিষদের সভা