নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়িতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে ওলামা দল খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সভাপতি ওয়াদুদ ভূঁইয়া ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে দেশি–বিদেশি নানামুখী ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র রুখতে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধান বক্তা ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম এন আবছার। বিশেষ অতিথি ছিলেন ওলামা দল চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক কাজী এম এ হান্নান জিলানী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা। সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে খাগড়াছড়ি ঈদগাহ মাঠ থেকে এক শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।













