সিডিএফএ–মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব–১৩ ফুটবল টুর্নামেন্টের ‘এ’ এবং ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে রবিন লিগে উন্নীত হয়েছে সন্দ্বীপ ও আকুবদন্ডী ফুটবল একাডেমি। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপে দিনের দ্বিতীয় ম্যাচে সন্দ্বীপ ফুটবল একাডেমি ৫–১ গোলের বড় ব্যবধানে পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমিকে পরাজিত করে। এ জয়ে তিন খেলার তিনটিতেই জয়লাভ করে সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করে তারা ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়। ফলে প্রথম দল হিসেবে তারা রবিন লিগে উন্নীত হলো। পতেঙ্গা ফরিদ একাডেমি তিন খেলায় কোন পয়েন্ট পায়নি। বিজয়ী দলের পক্ষে নিরব দাশ ২টি গোল করে। অন্যদিকে মুহাম্মদ আবু সাইদ, লোকান্তর মজুমদার ও মাহমুদ রহমান তন্ময় প্রত্যেকে ১টি করে গোল দেয়। বিজিত দলের মোহাম্মদ আবদুল্লাহ ১টি গোল পরিশোধ করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সন্দ্বীপের নিরব দাশ। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর রায়হান উদ্দীন রুবেল।
একই ভেন্যুতে দিনের চতুর্থ ম্যাচে আকুবদন্ডী ফুটবল একাডেমি ২–১ গোলে চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টারকে পরাজিত করে। তিন খেলায় তিনটিতেই জয় পেয়ে তারা সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় দল হিসেবে তারা রবিন লিগে উন্নীত হয়েছে। চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার তিন খেলায় ৬ পয়েন্ট পেয়েছে। গতকালের খেলায় আকুবদন্ডীর পক্ষে মো. আব্বাস উদ্দিন মিনহাজ ও মাহাথির হাসান মুরশী ১টি করে গোল করে। বিজিত দলের পক্ষে মোহাম্মদ আবদুল তাসিন গোল দেয়। খেলা শেষে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় আকুবদন্ডীর আব্বাস উদ্দিন মিনহাজ। তার হাতে পুরস্কার প্রদান করেন সিজেকেএস কাউন্সিলর কামরুল হোসেন।
‘এ’ গ্রুপে অন্য খেলায় দ্বীপ দাশের হ্যাট্রিকের সুবাদে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি ৪–০ গোলে ইয়ং ফুটবল একাডেমিকে পরাজিত করে। সকালে অনুষ্ঠিত দিনের প্রথম এই খেলায় তিনটি গোল করে টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক করে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমির দ্বীপ দাশ। সাইফুল ইসলাম আকিব অপর গোলটি করে। তিন খেলা শেষে ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন শোভনীয়া। ইয়ং ফুটবল একাডেমি তিন খেলায় ৩ পয়েন্ট পেয়েছে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় শোভানীয়ার দ্বীপ দাশ। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন জাহেদ। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি ৩–২ গোলে এম সি এস ফুটবল একাডেমিকে পরাজিত করে। ‘বি’ গ্রুপে তিন খেলা শেষে বিহঙ্গ ৩ পয়েন্ট পেয়েছে। সমান খেলায় এম সি এস কোন পয়েন্ট পায়নি। বিজয়ী দলের পক্ষে আজহারুল আলম জাহিন, দেবদাশ ও রাহাত হায়দার প্রত্যেকে ১টি করে গোল দেয়। বিজিত দলের পক্ষে আবরার উদ্দিন তামিম ও মো. সোহাগ ১টি করে গোল করে। ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় চট্টগ্রাম বিহঙ্গের রাহাদ হায়দার। তার হাতে পুরস্কার তুলে দে সিজেকেএস কাউন্সিলর লিটন বড়ুয়া। টুর্নামেন্টে আজ চারটি খেলা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে সন্ধান স্পোর্টিং ফুটবল একাডেমি–হাটহাজারী ফুটবল একাডেমি (সকাল–৯.১৫টা),আবদুস সোবহান ফুটবল একাডেমি–স্বাধীন বাংলা ফুটবল একাডেমি(সকাল–১০.৪৫টা),রামপুর ফুটবল একাডেমি–দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি(দুপুর–২.১৫টা),একরাম ফুটবল একাডেমি–কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি(বিকাল–৩.৪৫টা)। সব খেলা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।













