ত্রিপক্ষীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৩০ রানের বড় ব্যবধানে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ নারী ক্রিকেট দল। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচজুড়ে দুর্দান্ত ছিলেন নিশিতা আক্তার নিশি। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে জয় সহজ করেছেন অধিনায়ক সাদিয়া আক্তার। ফয়সালাবাদে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার মাইমুনা নাহার (০) ও অচেনা জান্নাত ইমান্তা (৬) বিদায় নিলে চাপে পড়ে দল। তবে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় নিশিতা আক্তার ও সাদিয়ার জুটির প্রতিরোধ। ব্যাট হাতে নিশিতা খেলেছেন ২৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস। অন্যদিকে অধিনায়ক সাদিয়া ২৫ বলে সর্বোচ্চ ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশকে শক্ত অবস্থানে পৌঁছে দেন। এছাড়া শ্রাবণী শীলের ব্যাটে আসে ১২ রান। জবাবে রান তাড়া করতে নেমে পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রানের বেশি তুলতে পারেনি। পাকিস্তানের পক্ষে দুই ওপেনার রাভাইল ফারহান (১৭) ও কোমল খান ২১ রানের জুটি গড়ে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন। পরবর্তীতে পাকিস্তানের পক্ষে কোমল সর্বোচ্চ ২৯ রান এবং জোফিসান আয়ান ১২ রান করলেও বাংলাদেশের টাইট বোলিংয়ের সামনে বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেননি। বাংলাদেশের পক্ষে দারুণ বোলিং স্পেল উপহার দেন নিশিতা আক্তার নিশি। তিনি ৪ ওভার বোলিং করে মাত্র ১৬ রান খরচায় তুলে নেন ২ উইকেট। অলরাউন্ডার নিশিতার বোলিং–ব্যাটিং ঝলক ও অধিনায়কের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর ভর করেই টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।













