নবায়নযোগ্য জ্বালানি ও সুপেয় পানির দাবিতে পেকুয়ায় সাইকেল র‌্যালি ও পদযাত্রা

পেকুয়া প্রতিনিধি | শনিবার , ৩ অক্টোবর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

জলবায়ু ন্যায়বিচার, নিরাপদ সুপেয় পানি ও নবায়নযোগ্য জ্বালানির বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর থেকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে পায়ে হেঁটে প্রচারাভিযান চালাচ্ছেন হাইকার ও পরিবেশকর্মী মাসফিকুল হাসান টনি (২৯)। ‘বাংলাদেশ কোস্টাল ট্রাভার্স’ নামে এ অভিযানের অংশ হিসেবে প্রায় ৩০১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলা প্রেস ক্লাবে পৌঁছান।

এ উপলক্ষে পেকুয়ায় স্থানীয় পরিবেশ সংগঠনগুলোর উদ্যোগে সাইকেল র‌্যালি, পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নদী–খাল দখল ও দূষণ বন্ধ, নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ, উপকূলীয় মানুষের সুপেয় পানির সংকট মোকাবিলা এবং জীবন–জীবিকা সুরক্ষার দাবি তুলে ধরা হয়। পরিবেশ সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ওয়াটারকিপার্স বাংলাদেশ, লবণ–মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি এবং উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের যৌথ উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় পেকুয়া প্রেস ক্লাব ও বাঁশখালীর রত্নপুর হালিয়াপাড়া সমুদ্রসৈকতে পৃথকভাবে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তর, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর পাশাপাশি পর্যায়ক্রমে তা থেকে সরে আসার উদ্যোগ, নদী–খাল দখল ও দূষণ বন্ধ এবং উপকূলীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বায়ুদূষণ ও গ্রিনহাউস গ্যাস নির্গমনের সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি তুলনামূলকভাবে কম কার্বন নিঃসরণকারী। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি খাতে নবায়নযোগ্য উৎসের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পরিবেশগত ও সামাজিক প্রভাব বিবেচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন তারা। তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব উপকূলীয় এলাকার মানুষের জীবন ও জীবিকার ওপর পড়ছে। লবণাক্ততা, সুপেয় পানির সংকট, নদী–খালের নাব্যতা ও পরিবেশগত পরিবর্তনের মতো বিষয়গুলো মোকাবিলায় স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগের পাশাপাশি জাতীয় পর্যায়েও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। পেকুয়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে পরিবেশকর্মী মাসফিকুল হাসান টনি, ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’-এর পেকুয়া উপজেলা সমন্বয়ক দেলওয়ার হোসাইন, পেকুয়া প্ল্যান্টার্স ক্লাবের সুপারভাইজার জিহাদুল ইসলাম, নুর আয়েশা খাঁন ফাউন্ডেশনের সভাপতি এম আমজাদ হোসাইন, উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের টিম লিডার ছাদেকুর রহমানসহ অন্যরা বক্তব্য দেন। অন্যদিকে বাঁশখালীর রত্নপুর হালিয়াপাড়া সমুদ্র সৈকতে অনুষ্ঠিত সাইকেল র‌্যালি ও পদযাত্রায় বক্তব্য দেন বাঁশখালী সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহাবুদ্দিন মুনিরী চৌধুরী। কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় জেলে, পরিবেশকর্মী, রোভার স্কাউটস সদস্যসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। তারা উপকূলীয় পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং নদী–খাল রক্ষার দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে হুঁশিয়ারি
পরবর্তী নিবন্ধরাউজানে ২৫ প্রতিষ্ঠান পেল কার্প জাতীয় মাছের পোনা