লোহাগাড়ায় অবৈধভাবে তোলা বালু, সরঞ্জাম জব্দ

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:২১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ড্রেজার মেশিন বসিয়ে রাতারছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুনতি অভয়ারণ্য বিটের খানদিঘীর পশ্চিম পাশে সংরক্ষিত বনাঞ্চল এলাকায় উপজেলা প্রশাসন ও বন বিভাগ পৃথক অভিযান চালায়। জানা যায়, সকালে বন বিভাগ অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ডিজেল মেশিন, একটি ড্রেজার পাম্প, ১৪০ ফুট প্লাস্টিকের পাইপ ও দুটি কোদাল জব্দ করে। অপরদিকে বিকেলে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ২৮০ ঘনফুট বালু জব্দ করে। চুনতি অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে টিলায় ধস দেখা দিয়েছে। খবর পেয়ে অভিযান চালিয়ে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় বালু উত্তোলনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ বিন আখন্দ জানান, অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালানো হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ৫ হাজার ২৮০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআইনজীবী সমিতির ফুলকোর্ট রেভারেন্স ও শোকসভা
পরবর্তী নিবন্ধরাউজানে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম