নারী টি–টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিং র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের শারমিন আক্তারের। তবে বোলিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ পেসার মারুফা আক্তারের। বোলিং তালিকায় বিশ্ব রেকর্ড গড়েছেন শীর্ষে থাকা ভারতের বাঁ–হাতি স্পিনার শ্রী চরণী। গতকাল নারী টি–টোয়েন্টি র্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত সপ্তাহে শেষ হওয়া নারী এশিয়ান গেমস ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হারে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রান করেন শারমিন। এতে দশ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠেছেন তিনি। তার রেটিং ৫২৩। র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় বাংলাদেশের হয়ে সেরা অবস্থানে আছেন নিগার সুলতানা। ৫৯৭ রেটিং নিয়ে ২০তম স্থানে আছেন তিনি। ব্যাটিং তালিকায় তিন ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের সোবহানা মোস্তারির। ৪৮৪ রেটিং নিয়ে ৪২তম স্থানে নেমে গেছেন তিনি। বোলারদের তালিকায় অবনতি হয়েছে মারুফার। পাকিস্তানের বিপক্ষে ৩ ওভার বল করে ২৬ রান দিয়েও উইকেটের দেখা পাননি তিনি। চার ধাপ পিছিয়ে ৬০২ রেটিং নিয়ে ২১তম স্থানে নেমে গেছেন মারুফা। পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে ২১ রানে ২ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে ৫৭০ রেটিং নিয়ে ২৯তম স্থানে উঠেছেন বাঁ–হাতি স্পিনার নাহিদা আক্তার।
এদিকে, নারী র্যাংকিংয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন চরণী। অস্ট্রেলিয়ার মেগান শুটকে টপকে সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ডের মালিক এখন তিনি। ২০১৮ সালে ৮০৬ রেটিং নিয়ে রেকর্ড গড়েছিলেন শুট। গতকাল ৮১৭ রেটিং নিয়ে শুটকে টপকে বিশ্ব রেকর্ড গড়েন চরণী। টি–টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় অস্ট্রেলিয়ার বেথ মুনি, বোলিং তালিকায় ভারতের শ্রী চরণী এবং অলরাউন্ডার তালিকায় ওয়েস্ট ইন্ডিজের হিলি ম্যাথুজ শীর্ষস্থান ধরে রেখেছেন।












