বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের লেক ও বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করেছে জেলা মৎস্য দপ্তর। ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে গতকাল মঙ্গলবার বিটিভি–চট্টগ্রাম কেন্দ্রে এ পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল। এ সময় শাহাদাত হোসেন বলেন, মাছ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণিজ প্রোটিনের উৎস। মাছের তেলে থাকা উপাদানও মানবদেহের জন্য উপকারী। তাই মানুষের পুষ্টির চাহিদা পূরণে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি মাছের প্রাকৃতিক উৎসগুলো সংরক্ষণ করা জরুরি।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে রপ্তানি আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তৈরি পোশাক ও প্রবাসী আয় দেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে। এর পাশাপাশি মৎস্য খাতকে আরও শক্তিশালী করে দেশীয় চাহিদা পূরণের পর উদ্বৃত্ত মাছ রপ্তানি করা গেলে অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে।
মেয়র বলেন, বাংলাদেশ নদী–নালা, খাল–বিল ও জলাশয়ে সমৃদ্ধ একটি দেশ। বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক কারণে প্রতি বছর অনেক মাছের পোনা ও মাছের প্রাকৃতিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়। ফলে মাছের উৎপাদন ও প্রজনন যাতে ব্যাহত না হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর দিতে হবে।
তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় সম্পদগুলোর একটি হলো পানি ও জলজ সম্পদ। এসব সম্পদ সংরক্ষণ করতে হবে। মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদনের পরিবেশ ঠিক রাখতে পারলে দেশের মানুষের মাছের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সুযোগও আরও বাড়ানো সম্ভব।










