ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে

লালদীঘিতে চসিকের মশক নিধন ক্রাশ প্রোগ্রামে মেয়র

| বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ

ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে নগরীর লালদীঘি এলাকায় বিশেষ মশক নিধন ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল মঙ্গলবার পরিচালিত এ কর্মসূচির আওতায় লালদীঘি ও আশপাশের এলাকায় মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা নিধন, মশক নিধন ওষুধ প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

কর্মসূচি পরিদর্শন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে চসিকের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে। শুধু সিটি করপোরেশনের মশক নিধন কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মশার প্রজননস্থল ধ্বংসে নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মেয়র বলেন, এডিস মশা সাধারণত জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই বাসাবাড়ি, ছাদ, বারান্দা, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও নির্মাণাধীন ভবনসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে চসিক নিয়মিত মশক নিধন কার্যক্রমের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করছে। শুধু ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ করা যাবে না, মশার প্রজননস্থলও ধ্বংস করতে হবে। এ কাজে সিটি করপোরেশনের মাঠকর্মীদের পাশাপাশি নগরবাসীকেও সহযোগিতা করতে হবে। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, নিজের ঘর–আঙিনা পরিষ্কার রাখতে হবে,

জমে থাকা পানি অপসারণ করতে হবে এবং ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের কার্যক্রমে সহযোগিতা করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধযুক্ত হলো ইএমজি মেশিন
পরবর্তী নিবন্ধরেলে বহর বাড়ছে, বাড়ছে না মেরামত সক্ষমতা