বাংলাদেশে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না

রাঙ্গুনিয়ায় হুমাম কাদের চৌধুরী এমপি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:১২ পূর্বাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পরিকল্পিত সন্ত্রাস এবং নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, নতুন বাংলাদেশ গড়ে তোলার যাত্রায় কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। তিনি গত ২৫ সেপ্টেম্বর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন,নতুন বাংলাদেশ গড়ে তোলার যে যাত্রা আমরা শুরু করেছি, তাতে এখনো মাঝে মাঝে গুপ্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু সন্ত্রাসী বাহিনী উঁকিঝুঁকি দেওয়ার চেষ্টা করছে। তবে রাঙ্গুনিয়ায় তাদের কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। কোনো ধরনের ষড়যন্ত্র করতে চেষ্টা করলে, তা প্রতিহত করার জন্য আমরা সকলেই মাঠে থাকবো।

বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের মোহাম্মদপুর এলাকা থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের ইছাখালী প্রদক্ষিণ করে পৌরসভা অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি মো. সেকান্দর সওদাগর। সদস্য সচিব এস এম লোকমান হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন আবু আহমেদ হাসনাত, হাজী ইলিয়াছ সিকদার, একতিয়ার হোসেন, শাহেদ কামাল তালুকদার, আনছুর উদ্দিন, ফারুকুল ইসলাম, মো. এম এইচ সুমন, মোহাম্মদ লিটন, মো. ইসমাইল সিকদার, মোহাম্মদ শোয়াইব কাদের, জহির উদ্দিন বাবর, মোহাম্মদ দিদার আলম, মোহাম্মদ হারুন, আলী নূর তালুকদার মনি, মোহাম্মদ ছাবের, মোহাম্মদ আবু মুছা, তাহনিয়াজ মোরশেদ তোহা, সাহেদুল ইসলাম ইফাক, আবু বক্কর, মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধধর্মীয় অনুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
পরবর্তী নিবন্ধচবিতে চীনা কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শুরু