সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় নিশ্চিত বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

সিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে গতকাল সোমবার সিঙ্গাপুরের কাছে ১–০ গোলে হারে বাংলাদেশ। প্রতিপক্ষের হয়ে জয়সূচক গোলটি করেছেন হারহিস স্টুয়ার্ট। এর আগে মালয়েশিয়ার বিপক্ষে ৩–০ গোলে হেরে আসিয়ান কাপের অভিযান শুরু করেছিল বাংলাদেশ। গতকাল বাংলাদেশের খেলায় গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ বেশ কয়েকবার ঢাল হয়ে দাঁড়ান। আক্রমণ করে কর্নার থেকে একের পর এক গোলের সুযোগও আসে। কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলের খোঁজ পাওয়া ঞয়নি বাংলাদেশের। তাতে আসিয়ান কাপে টানা দ্বিতীয় হারের স্বাদ পায় জামাল ভূঁইয়া–হামজা চৌধুরীদের দল। সিঙ্গাপুরের বিপক্ষে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় হার। সব মিলিয়ে পাঁচবারের দেখায় এখনো জয়হীন বাংলাদেশ। চার হারের বিপরীতে এক ড্র। ১৯৭৩ সালে মারদেকা টুর্নামেন্টে প্রথম দেখায় সেই ড্রটি পেয়েছিল বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বল পজিশন ধরে রাখার চেষ্টা করে দুই দল। তবে প্রথম দিকে গোলের মতো তেমন কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি কেউই। ১৬ মিনিটে প্রথম ভালো সুযোগ তৈরি করে সিঙ্গাপুর। বাঁ দিক থেকে ইলহান ফান্দির নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। কুলিং বিরতির পর ৩৩ মিনিটে আবারও বাংলাদেশকে বাঁচান শ্রাবণ। বঙের বাইরে ফ্রি কিক পেয়েছিল সিঙ্গাপুর। সেখান থেকে নেওয়া দারুণ শটটি ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। ফিরতি সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর, তবে এবার বিপদমুক্ত করেন তারিক কাজী। তবে দুই মিনিট পর আর রক্ষা হয়নি। ৩৫ মিনিটে ডান দিক থেকে নুর অ্যাডাম আব্দুল্লাহর বাড়ানো ক্রসে হেড করে সিঙ্গাপুরকে এগিয়ে দেন হারহিস স্টুয়ার্ট। এবার শ্রাবণের কিছুই করার ছিল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলকে জালে জড়াতে দেখা ছাড়া উপায় ছিল না তার। বিরতির পর অবশ্য ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ায় বাংলাদেশ।

৬৪ মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিলেন শমিত শোম। ডান প্রান্ত থেকে সাদ উদ্দিনের বাড়ানো ক্রসে আনমার্কড অবস্থায় হেড নেন এই মিডফিল্ডার। তবে তার হেড চলে যায় গোলবারের ওপর দিয়ে। ৮০ মিনিটে আবারও সুযোগ আসে বাংলাদেশের সামনে। এবার রাকিবের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পাঁচ মিনিট পর আরও একটি ভালো আক্রমণ সাজায় বাংলাদেশ। তবে বদলি হিসেবে নামা ফাহমিদুল ইসলাম প্রতিপক্ষের গোলবক্সে থাকা রাকিবকে বল দিতে পারেননি। তার পাস দেওয়ার আগেই বিপদমুক্ত করেন সিঙ্গাপুরের এক ডিফেন্ডার। দ্বিতীয়ার্ধে ভালো খেলেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ফলে ১–০ ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় জামাল ভূঁইয়া–হামজাদের। আসিয়ান কাপে বাংলাদেশের পরের ম্যাচ আগামী ১ অক্টোবর, স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধকো. ফাইনালে আজ বাংলাদেশ মালয়েশিয়া মুখোমুখি