এশিয়ান গেমসে নারী হকি ইভেন্টের গ্রুপ পর্বের শেষ ম্যাচে গতকাল এগিয়ে থেকেও চাইনিজ তাইপের কাছে ৩–২ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। গিফু প্রিফেকচারাল গ্রীন স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে অবশ্য ইউ–টিং হোয়াংয়ের ফিল্ড গোলে এগিয়ে গিয়েছিল চাইনিজ তাইপে। দ্বিতীয় কোয়ার্টারে কনা আক্তারের জোড়া গোলে ২–১ ব্যবধানের লিড নিয়ে বিরতিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা। তৃতীয় কোয়ার্টারে ৪৫ মিনিটে ইউ–চিউ ওয়াংয়ের গেলে সমতায় ফিরে চাইনিজ তাইপে। শেষ কোয়ার্টারে ইউ–টিং হোয়াং পিসি থেকে নিজের দ্বিতীয় গোল করলে জয় নিশ্চিত হয় চাইনিজ তাইপের। গ্রুপ পর্বে পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে বাংলাদেশ। এর আগে চীনের কাছে ১৩–০, মালয়েশিয়ার কাছে ৩–১ ও দক্ষিণ কোরিয়ার কাছে ৮–০ গোলে হেরেছিল তারা। কাজাখস্তানের সঙ্গে ৩–৩ গোলে ড্র করে পেয়েছিল একমাত্র পয়েন্ট। পাঁচ ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে চীন।













