স্পিডবোট ভাড়া ২৮৫ টাকা, বাড়তি নিলে লাইসেন্স বাতিল

বাঁশবাড়িয়া ও কুমিরা ঘাট পরিদর্শনে নৌ পরিবহন সচিব

সন্দ্বীপ প্রতিনিধি | শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

২০২৪ সালে ৫ আগস্ট পটপরিবর্তনের পর সন্দ্বীপ নৌরুটে স্পিডবোটের ভাড়া ৩৫০ টাকা থেকে কমে হয় ২৪০ টাকা। জেলা পরিষদের কাছ থেকে নৌঘাট পরিচালনার দায়িত্ব যায় বিআইডব্লিউটিএর কাছে। রাতারাতি পরিবর্তনের হাওয়া লাগে কুমিরা–গুপ্তছড়া ও বাঁশবাড়িয়া–গুপ্তছড়া নৌরুটে। দীর্ঘদিনের ইজারাদার প্রথার বিলুপ্ত হয়ে উন্মুক্ত হয় নৌরুট। তবে ঘাট উন্মুক্ত হওয়ার সুফল বেশিদিন জোটেনি সন্দ্বীপবাসীর কপালে। স্পিডবোট পরিচালনাকারী প্রতিষ্ঠান কেবল একটি হওয়ায় তেলের মূল্য বৃদ্ধি ও যেকোনো অজুহাতে একদিকে প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে স্পিডবোটের ভাড়া, অন্যদিকে পান থেকে চুন খসলেই পূর্ব ঘোষণা ছাড়া বন্ধ করে রাখা হয় হয় স্পিডবোট।

তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রথম দফায় ২৪০ টাকা থেকে ২৬০ টাকা স্পিডবোটের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন করা হলেও নেয়া হতো ৩০০ টাকা করে। সর্বশেষ ২০ সেপ্টেম্বর দ্বিতীয় দফা তেলের মূল্য বৃদ্ধি পেলে ভাড়া বৃদ্ধির গেজেট হওয়ার আগেই কুমিরা–গুপ্তছড়া রুটে স্পিডবোটের ভাড়া ৩৩০ টাকা করে নেয়া শুরু করে বোট পরিচালনাকারী প্রতিষ্ঠান। তবে সন্দ্বীপবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বর্ধিত ভাড়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলে নতুন গেজেট না হওয়া পর্যন্ত ৩০০ টাকা করে ভাড়া নেয়ার ঘোষণা দেয় বোট মালিকরা।

এদিকে গতকাল শুক্রবার সকালে বাঁশবাড়িয়া ও কুমিরা ঘাট পরিদর্শন করেন নৌ পরিবহন সচিব জাকারিয়া। এসময় তিনি কুমিরা ঘাটের ব্রিজ মেরামত ও বাঁশবাড়িয়া ঘাটে হাই ওয়াটার পয়েন্ট দ্রুত চালু, বাঁশবাড়িয়া ঘাটে বিআইডব্লিউটিএ–টিসির স্টাফদের জন্য আবাসনের ব্যবস্থা করা ও যাত্রীদের জন্য ছাউনি স্থাপনসহ বিভিন্ন বিষয়ের কথা উল্লেখ করেন। প্রজ্ঞাপনের বাইরে স্পিডবোটের অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, কোনোভাবে ২৮৫ টাকার বেশি ভাড়া আদায় করা যাবে না। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে স্থানীয় প্রশাসন সে প্রতিষ্ঠানের রুট পারমিটসহ লাইসেন্স বাতিল করতে পারবে। এসময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) রেজাউর রহমান খন্দকার, নির্বাহী প্রকৌশলী রিশাদ মাহমুদ, যুগ্ম পরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ সেলিম, উপ পরিচালক (চট্টগ্রাম) নয়ন শীল, আমরা সন্দ্বীপবাসীর সমন্বয়ক খাদেমুল ইসলাম, কুমিরা ইউনিয়ন যুবদল নেতা জগলুল হোসাইন নয়ন, সন্দ্বীপের সাংসদ মোস্তফা কামাল পাশার মিডিয়া ম্যানেজার আবুল হাসান ফয়সাল, সাংবাদিক মাহমুদুর রহমান, অনলাইন এক্টিভিস্ট নিয়াজ মাহামুদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য জনবল তৈরি করতে হবে
পরবর্তী নিবন্ধছুটির দিনেও মাঠপর্যায়ে তদারকিতে সিডিএ চেয়ারম্যান