কাজীর দেউড়িতে চালু হলো স্কাইডাইন লাউঞ্জ

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২৬ পূর্বাহ্ণ

নগরীর কাজীর দেউড়িস্থ শপিং ব্যাগের তৃতীয় তলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রুফটপ ফাইন ডাইন রেস্টুরেন্ট স্কাইডাইন লাউঞ্জ।

গত ২৩ সেপ্টেম্বর দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের চিফ অব দ্য ব্যুরো ফখরুল আলম এবং দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি নাজিমুদ্দীন শ্যামল। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কাইডাইন লাউঞ্জের অন্যতম উদ্যোক্তা ও রেস্টুরেন্ট মালিক আবদুল্লাহ আল মামুন, ইমতিয়াজ আলম চৌধুরী, সাদ শাহরিয়ার, মোহাম্মদ সালাউদ্দিন আলভী এবং সাইফ শোয়েবসহ বিভিন্ন শ্রেণি–পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ।

কাজীর দেউড়ির প্রাণকেন্দ্রে নতুন এই রেস্টুরেন্টে মিলবে খোলা আকাশের নিচে রুফটপ ডাইনিংয়ের প্রাণবন্ত অভিজ্ঞতা। শহরের কোলাহলের মাঝেও আকাশের নিচে বসে খাবার উপভোগের পাশাপাশি অতিথিদের জন্য রয়েছে আরামদায়ক শীতাতপ নিয়ন্ত্রিত ইনডোর ডাইনিং সুবিধা। ফলে আবহাওয়া বা সময়–দুইয়ের কথা মাথায় রেখেই রাখা হয়েছে খাবার উপভোগের ভিন্নধর্মী আয়োজন।

খাবারের বৈচিত্র্যেও রয়েছে বিশেষ আকর্ষণ। স্কাইডাইন লাউঞ্জে থাকছে বাংলা, থাই, চাইনিজ ও ইন্ডিয়ান খাবারের সমৃদ্ধ আয়োজন। আর বিকেল থেকে সন্ধ্যার আড্ডাকে আরও জমিয়ে তুলতে থাকছে বিশেষ কাবাব ও ফুচকা প্ল্যাটার। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে আড্ডা ও খাবারের মুহূর্তকে আরও উপভোগ্য করে তুলতেই এসব আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরের বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত
পরবর্তী নিবন্ধসিডিএফএ মেয়র অ-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট আজ শুরু