রাউজানের উরকিরচর ইউনিয়নের মিয়ারঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে মালামালসহ ছাই হয়ে গেছে। গত বুধবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের প্রায় ২০ টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ইসমাইল, আজিজ ও মাহবুব আলমের মুদি দোকান, রতনের স্টেশনারি দোকান এবং আবদুল বাসেকের টিভি–ফ্রিজ মেরামতের দোকান। প্রতিটি দোকানে কমবেশি নগদ টাকাও ছিল বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
স্থানীয়রা বলেছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এর আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। তার ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।












