ফটিকছড়িতে একটি বসতঘরে চুরির অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে শাহনগর গ্রামের দারগ আলী তালুকদার বাড়ির বাসিন্দা ব্যবসায়ী আলমগীর হোসেন বাহাদুরের ঘরে এ চুরির ঘটনা ঘটে।
আলমগীর হোসেন বাহাদুর বলেন, চোরেরা প্রথমে বসতঘরের মেইন গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে একটি কক্ষের আলমারির তালা ভেঙে সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এর মধ্যে তার মেয়ের সাড়ে ৮ ভরি এবং স্ত্রীর ৪ ভরি স্বর্ণালঙ্কার রয়েছে।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে পাইন্দংয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করে ১১ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এর পরদিন একটি মন্দিরের তালা ভেঙে স্বর্ণালঙ্কার চুরির ঘটনাও ঘটে। পরপর এসব ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজনের মধ্যে নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।












