সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি ও মো. মনিরুল ইসলামসহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণীর নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান এ তথ্য জানিয়েছেন। খবর বাসসের।
দুদক জানায়, আবদুর রহমান বদির বিরুদ্ধে ১০ কোটি ২১ লাখ ৯৯ হাজার ৮৮৮ টাকা, তার স্ত্রী শাহীন আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৯১১ টাকা, মেয়ে সামিয়া রহমান সানির বিরুদ্ধে ৩ কোটি ৩৪ লাখ ২৯ হাজার ৪১৮ টাকা এবং ছেলে আব্দুল্লাহ আরমান শাওনের বিরুদ্ধে ৫২ লাখ ২৩ হাজার ৯১ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া, বদির ভগ্নিপতি ওমর ফারুকের বিরুদ্ধে ২৯ লাখ ৩৮ হাজার টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণীর নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে। অন্যদিকে, সাবেক সংসদ সদস্য যশোর–২ আসনের মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে ১ কোটি ৮২ লাখ ১৫ হাজার ৩৫৬ টাকা এবং তার স্ত্রী ফারদীনা রহমানের বিরুদ্ধে ২২ লাখ ৮০ হাজার টাকার জ্ঞাত–আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধেও সম্পদ বিবরণীর নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুদক। দুদক আইন, ২০০৪–এর ২৬(১) ধারায় এসব নোটিশ জারির অনুমোদন দেওয়া হয়েছে।










