কক্সবাজারের উখিয়ায় সাগর তীর থেকে এক দিনে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টা থেকে পৌনে ৩টার মধ্যে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকা থেকে পৃথকভাবে মরদেহগুলো উদ্ধার করা হয়। উদ্ধার মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে। বিষটির সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান।
তিনি জানান, সকাল সাড়ে ১১টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাদারবুনিয়া নৌকার ঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সাগরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে ঘটনাটি জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। অন্যদিকে বিকেল পৌনে ৩টার দিকে একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনখালী এলাকায় সাগরপাড় থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।
ওসি জানান, উদ্ধার হওয়া তিনজনের কারও পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মনে হচ্ছে, গত ২১ সেপ্টেম্বর টেকনাফ উপকূলে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে যায়। ওই ঘটনায় কোস্টগার্ড ১৭ জনকে জীবিত উদ্ধার করে। তবে কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। সাগরপাড় থেকে উদ্ধার হওয়া তিনটি মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। টেকনাফে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের কেউ এসব মরদেহের মধ্যে আছেন কিনা, তা যাচাই করা হচ্ছে। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলছে। মরদেহগুলোর পরিচয় শনাক্তের পাশাপাশি আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।













