চট্টগ্রাম ও কক্সবাজারে পুকুর ও নদীর পানিতে ডুবে এক দিনে তিনজনের মৃত্যু এবং একজন নিখোঁজ হয়েছে। এর মধ্যে লোহাগাড়া, হাটহাজারী ও কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে এক স্কুলছাত্র, এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। আর রামুর রাজারকুলে বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজ হয়েছে এক স্কুলছাত্র। গতকাল বুধবার পৃথক এসব ঘটনা ঘটে।
কক্সবাজার প্রতিনিধি জানান: রামুর রাজারকুল ইউনিয়নসংলগ্ন বাঁকখালী নদীতে ডুবে মোহাম্মদ শাহিন নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সে রাজারকুল মনছুর আলী সিকদার আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র ও ইউনিয়নের মিয়াজীপাড়া এলাকার প্রবাসী নুরুল আমিনের ছেলে।
বুধবার বিকেল ৫টার দিকে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলার পর নদীতে পড়ে যাওয়া বল আনতে গিয়ে পানিতে নেমে শাহিন নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসের রামু ইউনিটকে খবর দেন। রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। তবে দলে ডুবুরি না থাকায় চট্টগ্রামের আগ্রাবাদ থেকে একটি ডুবুরি দল আনা হচ্ছে বলে রাতে জানান ইউনিট প্রধান।
রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রয়েছে।
হাটহাজারী প্রতিনিধি জানান : হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে মো. সাঈম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার ১১ নম্বর ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে এ ঘটনা ঘটে। সাঈম স্থানীয় মো. খোকনের ছেলে।
জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে অসতর্কতাবশত পুকুরে পড়ে যায় সাঈম। পরিবারের সদস্য ও আশপাশের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহের নিগার কুমকুম তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া প্রতিনিধি জানান : লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে প্রদীপ্ত পাল (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার আধুনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় এ ঘটনা ঘটে। প্রদীপ্ত ফটিকছড়ি উপজেলার পালপাড়ার মৃত ধীমান পালের ছেলে এবং আধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য শাহজাহান চৌধুরী পারভেজ জানান, দুপুরে নানা বাড়ির পাশের পুকুরে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নামে প্রদীপ্ত। তারা পানিতে খেলাধুলার একপর্যায়ে সে তলিয়ে যায়। খবর পেয়ে স্বজনেরা পুকুরে খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রদীপ্তর বাবা মারা যাওয়ার পর তার মামা বিতু পাল তাকে নানা বাড়িতে নিয়ে আসেন। সেখানেই থেকে সে পড়ালেখা করছিল। মৃত্যুর পর তার মরদেহ ফটিকছড়িতে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
মহেশখালী প্রতিনিধি জানান : কুতুবদিয়ায় পুকুরে ডুবে মনির (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের বদাইয়া পাড়ায় এ ঘটনা ঘটে। মনির ওই গ্রামের আবদুল আজিজের ছেলে।
মনিরের চাচা জালাল আহমদ জানান, বুধবার সকাল ৯টার দিকে বাড়ির পুকুরপাড়ে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায় মনির। খবর পেয়ে তিনি পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. বিপ্লব কান্তি রুদ্র তাকে মৃত ঘোষণা করেন।












