চট্টগ্রাম কাস্টমসের একটি চালানের খালাস স্থগিত করে ১৬ কোটি ৪৪ লাখ টাকা রাজস্ব আদায়

অ্যাসিটেট টো আমদানিতে অনিয়ম উদঘাটন

| বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে সিগারেটের ফিল্টার তৈরির অন্যতম প্রধান কাঁচামাল সেলুলোজ অ্যাসিটেট টো আমদানি করে অবৈধভাবে বিক্রি বা হস্তান্তরের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির সম্ভাব্য চিত্র উদঘাটন করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। খবর বাসসের।

সিআইসির ঝুঁকিভিত্তিক যাচাই ও হস্তক্ষেপে চট্টগ্রাম কাস্টম হাউসের একটি চালানের খালাস স্থগিত করে ১৬ কোটি ৪৪ লাখ টাকা রাজস্ব আদায় নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে ওই চালানের অ্যাসিটেট টো স্থানীয়ভাবে সিগারেট উৎপাদনে ব্যবহৃত হলে প্রায় ৩২৪ কোটি টাকা রাজস্ব সংশ্লিষ্ট হতে পারত বলে প্রাথমিক হিসাবে জানা গেছে। গতকাল বুধবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিগারেটের ফিল্টার তৈরিতে ব্যবহৃত সেলুলোজ অ্যাসিটেট টো সম্পূর্ণ আমদানিনির্ভর কাঁচামাল। সম্প্রতি বাণিজ্যিক আমদানিকারকদের মাধ্যমে এ পণ্যের আমদানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় এর প্রকৃত ব্যবহার, আমদানির পরবর্তী সরবরাহ ও ব্যবহারকারী প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য বিশ্লেষণ শুরু করে সিআইসি। তথ্য বিশ্লেষণে ইউনিক ট্রেডার্স (বিআইএন : ০০৭৫২২৮০১০২০২) নামের একটি প্রতিষ্ঠানের অ্যাসিটেট টো আমদানির বিষয়টি সিআইসির নজরে আসে। প্রতিষ্ঠানটির আমদানিকৃত পণ্য কোথায় সরবরাহ করা হচ্ছে তা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট ভ্যাট বিভাগে তথ্য চাওয়া হয়।

ভ্যাট বিভাগ জানায়, প্রতিষ্ঠানটি নিবন্ধিত ঠিকানায় কোনো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে না এবং নিয়মিত ভ্যাট রিটার্ন ও সংশ্লিষ্ট দলিলাদি দাখিল করছে না। ফলে প্রতিষ্ঠানটিকে অস্তিত্বহীন হিসেবে চিহ্নিত করা হয়।

সিআইসির যাচাইয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি চট্টগ্রাম কাস্টম হাউস দিয়ে বিল অব এন্ট্রি নম্বর সি১২০৪৭১০, তারিখ ১৮ আগস্ট ২০২৬এর মাধ্যমে দুই কনটেইনারে মোট ৪৮ হাজার ১৪৩ কেজি অ্যাসিটেট টো আমদানি করেছে। আমদানিকারক প্রতিষ্ঠানের অস্তিত্ব না থাকার তথ্য পাওয়ার পর সরকারের রাজস্ব সুরক্ষার স্বার্থে চালানটির খালাস স্থগিত করা হয়। পরে চালানটিতে আমদানি পর্যায়ের ১৬ কোটি ৪৪ লাখ টাকা রাজস্ব আদায় নিশ্চিত করা হয়।

সিআইসি জানায়, আমদানি পর্যায়ের রাজস্ব ছাড়াও এ পণ্যের স্থানীয় ব্যবহারের সঙ্গে আরও বড় অঙ্কের রাজস্ব সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

পূর্ববর্তী নিবন্ধ১৩১ কিমি মিটারগেজ রেলপথ ডুয়েলগেজ ডাবল ট্র্যাক হচ্ছে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগরে বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা