টানা তিন জয়ের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে চট্টগ্রামের একমাত্র প্রতিনিধি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। ঢাকার মিরপুরস্থ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের ২য় গ্রুপ লিগ ম্যাচে গতকাল মঙ্গলবার সাউদার্ন ইউনিভার্সিটি ১২৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে। এ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে সাউদার্ন ইউনিভার্সিটি নির্ধারিত সাত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। দলের পক্ষে তৌসিফ ৪০, জাহিদ সৈকত ৪০, মাহবুব ৪২ ও রুমি অপ: ২০ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে রতন ও ইমনের বোলিং তোপে পড়ে মাত্র ৫৪ রানে গুটিয়ে যায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সাউদার্ন ইউনিভার্সিটির পক্ষে অধিনায়ক রতন দাস এবং ইমন ৩টি করে উইকেট দখল করেন। মাত্র ৯ বলে অপ: ৪২ রানের সুবাদে সাউদার্ন ইউনিভার্সিটির নাজমুল কবির মাহবুব ম্যাচসেরার পুরস্কার লাভ করেন। তার হাতে পুরস্কার তুলে দেন সাউদার্ন ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী এবং বিসিবি কাউন্সিলর বেনী আমিন। সাউদার্ন ইউনিভার্সিটি কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার সকাল ১১টায় দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ ইউনিভার্সিটির মুখোমুখি হবে। মর্যাদাপূর্ণ ক্লেমন ইউনি ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠায় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান।













