জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই পরিচয় দিয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের কাছে এক লাখ টাকা চাওয়ার অভিযোগে মো. রেজাউল করিম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক রেজাউল করিম কুমিল্লার চান্দিনা উপজেলার এম এ খালেকের ছেলে। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে তার ঠিকানা ঢাকার মিরপুরে।
ইউএনও কাজী শামীম বলেন, দুই দিন আগে একজন ব্যক্তি ফোন করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দেন। মঙ্গলবার সকালে ওই ব্যক্তি আবার ফোন করে জানান, তিনি রামগড়ে অবস্থান করছেন। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসতে বলা হয়। কার্যালয়ে আসার পর ওই ব্যক্তিকে নাস্তা দেওয়া হয়। একপর্যায়ে তিনি ইউএনওর বদলির বিষয় নিয়ে কথা বলতে শুরু করেন। পরে নিজের কাছে টাকা নেই জানিয়ে এক লাখ টাকা চান। বিষয়টি সন্দেহজনক মনে হলে ইউএনও পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়।











