মোহরায় অস্ত্র উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁওয়ের মোহরা এলাকা থেকে দেশে তৈরি দুটি অস্ত্র উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনাল৮ এর বিচারক আপরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. হবিবুল্লাহ প্রকাশ হাবিব (৩৭) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ধানীসাফা এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় হাজির ছিলেন না, তিনি পলাতক। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অস্ত্র আইনের অপর একটি ধারায় হাবিবকে ৭ বছরের কারাদণ্ডও দেওয়া হয়। উভয় সাজা একসাথে চলবে।

আদালতসূত্র জানায়, ২০২১ সালের ১৯ জুন নগরীর চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা শিল্পনগরী এলাকার মেহরাজ খান চৌধুরী ঘাটসংলগ্ন ইউনিক বোর্ড মিলের (হাবিব কার্টুন ফ্যাক্টরি) ভেতর থেকে দেশে তৈরি ২টি এলজি ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পাশাপাশি হাবিবুল্লাহ প্রকাশ হাবিবকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে চার্জশিট দাখিল হলে একই বছরের ২৩ নভেম্বর তার বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধনগদ অ্যাপে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা দিতে সমঝোতা চুক্তি
পরবর্তী নিবন্ধপপুলার লাইফের বীমা দাবির ৪ কোটি ৯ লক্ষ টাকার চেক হস্তান্তর