হাটহাজারীতে পরিবেশ আইন অমান্য করে পুকুর ভরাটের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মো. বাবর (৪০) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার মেখল ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ পূর্ব মেখলের হামর আলীর প্রকাশ বেচার বাড়ি এলাকায় নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকায় অভিনব কৌশলে পাইপের মাধ্যমে বালু পরিবহন করে পুকুর ভরাট করার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সংবাদের সত্যতা পায় উপজেলা প্রশাসন। যার প্রেক্ষিতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত বদন মিয়ার পুত্র মো. বাবরকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে তা ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে আদায় করা হয়। একই সাথে আগামী ৭ দিনের মধ্যে উক্ত পুকুর পূর্বাবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিট্রেট জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












