রাঙ্গুনিয়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। গত রোববার রাতে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।
হাঁটুতে গুরুতর আঘাত পেয়ে আহত ওই পুলিশ কর্মকর্তা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করা হয়েছে এবং এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে মরিয়মনগর চৌমুহনী এলাকায় বিশেষ অভিযানে যায় রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে রাঙ্গুনিয়া থানার এসআই মো. আবু নাসেরের হাঁটুতে মারাত্মক আঘাত লাগে। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে ঘটনার পর পুলিশি তৎপরতায় ঘটনাস্থল থেকে মো. তানসেন নামে এক অভিযুক্তকে আটক করা হয়। তবে অভিযানকালে তার সাথে থাকা সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার উপ–পরিদর্শক (এসআই) মো. নাজমুল গণমাধ্যমকে জানান, কর্তব্যরত পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে থানায় একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত বাকি পলাতক আসামিদের গ্রেপ্তার করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।










