রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এঙপ্রেস ট্রেনে আগুন লেগে একটি বগি পুড়ে গেছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, রাত ৯টা ৩৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ৯টা ৪৬ মিনিটে তারা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজার স্টেশনের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। খবর বিডিনিউজের।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের গণমাধ্যম শাখার কর্মকর্তা আবু তালহা বিন জসিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। আগুন নিভে গেছে; এখন শুধু ধোঁয়া আছে। আগুন কীভাবে লেগেছে, নাকি এটি নাশকতার ঘটনা–তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদিন বলেন, ট্রেনটি ওয়াশপিটে (ধৌত করার স্থান) ছিল, সেখান থেকেই আগুনের সূত্রপাত। আগুন লাগার পর প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার মত অবস্থা সৃষ্টি হয়েছিল। ফায়ার সার্ভিসের চেষ্টায় সেটা নেভানো গেছে। কীভাবে আগুন লেগেছে সেটা আমরা এখনো চিহ্নিত করতে পারিনি।











