দক্ষিণ আফ্রিকায় ৯ নারীকে হত্যার পর ক্ষোভ, প্রতিবাদ

| রবিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৪ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে নয় নারীকে হত্যার পর ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ার পর প্রতিবাদ দেখা দিয়েছে। অনেকে বলছেন, নারীরা প্রতিদিন যে বিপদের মুখোমুখি হচ্ছেন এসব সহিংসতা তারই প্রতিফলন। পুলিশ জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় এখুরহুলেনি শহরে দুই মাসে নয় নারীর মৃতদেহ খুঁজে পায়। এই হত্যাকাণ্ডগুলো পরস্পর সম্পর্কিত কি না, পুলিশ তা তদন্ত করে দেখছে। নিহত নারীদের অধিকাংশের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের মধ্যে কয়েকজনের দেহে পোশাক ছিল না আর যৌন নির্যাতনের লক্ষণ দেখা গিয়েছিল, জানিয়েছে রয়টার্স। নিহতদের মধ্যে এলিজাবেথ মোসেলাকগমো (৩৮) নামের একজন অ্যাথলেটও আছেন। খবর বিডিনিউজের।

তিনি দৌড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন আর দুই দিন পর তার মৃতদেহ পাওয়া যায়। শনিবার এক দৌড় আয়োজনের মাধ্যমে তাকে স্মরণ ও তার প্রতি সম্মান জানানো হয়। দৌড়ে অংশগ্রহণকারীরা মোমবাতি প্রজ্বলন করেন আর একটি ব্যানার বহন করেন, যেটিতে লেখা ছিল, যথেষ্ট হয়েছে। নারী হত্যা বন্ধ করুন। দৌঁড়ে অংশগ্রহণকারীরা সবাই কালো পোশাক পরে এসেছিলেন। তাদের মধ্যে একজন, লেরাতো লেন্তসেলা বলেন, আমাদের এখানে আসার কারণ হল আমরা একজন দৌড়বিদকে হারিয়েছি। কিন্তু আমরা কোনোখানেই নিরাপদ নই।

তিনি আরও বলেন, আমরা দৌড়ানোর সময় নিরাপদ নই, আমরা পোস্ট অফিসে নিরাপদ নই, ডেটে গিয়েও আমরা নিরাপদ নই, নিজেদের বাড়িতেও আমরা নিরাপদ নই, উবারেও আমরা নিরাপদ নই। এসব হত্যাকাণ্ডের কারণে দক্ষিণ আফ্রিকায় নারীদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে ক্ষোভ আবার উস্কে উঠেছে। ২০২৫ সালে দেশটিতে লিঙ্গভিত্তিক সহিংসতাকে জাতীয় দুর্যোগ বলে ঘোষণা করা হয়। অনেক নারী বলছেন, বাড়তি মনোযোগ ও সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও তাদের নিরাপত্তা বোধের ক্ষেত্রে খুব একটা উন্নতি হয়নি।

লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে প্রচারণা চালানো দাতব্য প্রতিষ্ঠান উয়িনেনে ম্রওয়েতিয়ানা ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, যথেষ্ট হয়েছে, আর না। আমাদের নারীদের ভয়হীনভাবে বেঁচে থাকার, হাঁটার, দৌড়ানোর আর অস্তিত্ব বজায় রাখার অধিকার আছে।

পূর্ববর্তী নিবন্ধভারতে শিক্ষার্থীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধসিএনএনসহ ৩ সংবাদ মাধ্যমকে হোয়াইট হাউজে নিষিদ্ধ করলেন ট্রাম্প