হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আরিফুর রহমান বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবসৃষ্ট দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকা অনন্য। এদেশে বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস কিংবা অন্য যেকোনো দুর্যোগে তারা স্বেচ্ছাসেবী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচাতে কাজ করে। শুধু দুর্যোগ ব্যবস্থাপনা নয়, তাদের স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ এবং সচেতনতা কার্যক্রমসহ যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ক্যাডেটদের প্রশংসনীয় সক্ষমতা রয়েছে।
গত বুধবার হাটহাজারী সরকারি কলেজ মিলনায়তনে কর্ণফুলী রেজিমেন্টের অধীন ১১ বিএনসিসি ব্যাটালিয়ানের তত্ত্বাবধানে হাটহাজারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স–২০২৬ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ১১ বিএনসিসি ব্যাটালিয়ানের কোম্পানি কমান্ডার ও হাটহাজারী সরকারি কলেজ বাংলা বিভাগের প্রভাষক ২/লে. মো. আবু তালেব। ক্যাডেট ল্যা. কর্পোরাল সৈয়দ মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, ড. দোলন কান্তি ভট্টাচার্য, মো. মনজুর আলী তালুকদার, আবু মুছা মো. মামুন, মো. সাইফুদ্দীন চৌধুরী, কাজী মো. জয়নুল আবেদীন, আবদুল্লাহ আল আহসান চৌধুরী ও মায়মুন আলী।
এ সময় হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনের সামরিক প্রশিক্ষক কর্পোরাল মো. আতিকুর রহমান, সদ্য বিদায়ী সিইউও ইমতিয়াজুল হক, ক্যাডেট সার্জেন্ট ফাতেমা আক্তার মিম এবং শ্রাবন্তি বড়ুয়া উপস্থিত ছিলেন। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর চট্টগ্রামের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সে বিশেষ ক্লাস পরিচালনা করেন হাটহাজারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হাটহাজারী সরকারি কলেজ, ফটিকছড়ি সরকারি কলেজ, নাজিরহাট কলেজ ও ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতাধিক ক্যাডেট অংশগ্রহণ করেন।













