পশ্চিম মাদারবাড়ী ঘাসফুল পরাণ রহমান স্কুলে ‘প্লাস্টিক বর্জন করুন, সুন্দর পৃথিবী গঠন করুন’ এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক সভা গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ঘাসফুলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ সুরক্ষায় প্লাস্টিকের ব্যবহার কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বে প্লাস্টিক দূষণ পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানবস্বাস্থ্যের জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে আমাদের সকলকে এখনই সচেতন হতে হবে এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প পণ্য ব্যবহারে অভ্যস্ত হতে হবে।
ঘাসফুল পরান রহমান স্কুলের অধ্যক্ষ মাহমুদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার দোলন রোজারিও। এছাড়াও উপস্থিত ছিলেন ঘাসফুলের শাখা ব্যবস্থাপক রুপনা মল্লিক। স্বাগত বক্তব্য দেন, ঘাসফুলের প্রকল্প সমন্বয়কারী সিরাজুল ইসলাম। অনুষ্ঠানের আকর্ষণীয় দিক ছিল শিক্ষার্থীদের একটি যুগান্তকারী উদ্যোগ। পরিবেশ রক্ষায় নিজেদের প্রতিশ্রুতির অংশ হিসেবে শিক্ষার্থীরা সংগৃহীত ১০০ কেজি প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করার জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নিকট হস্তান্তর করেন। শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে তাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













