নগরীর বন্দরের বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগ উঠেছে– মিথিলা নামের ওই ছাত্রীকে অপহরণ করা হয়েছে। তার মুক্তির বিনিময়ে ৫ লাখ টাকা মুক্তিপণও দাবি করা হয়েছে।
গত ১৩ সেপ্টেম্বর কলেজ শিক্ষার্থী মিথিলা নিখোঁজ হয়। সেদিন তিনি কলেজ ইউনিফর্ম পরে বাসা থেকে বের হয়েছিলেন। কিন্তু আর ঘরে ফিরে আসেননি। এ ঘটনায় মিথিলার পরিবার বন্দর থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করেছেন। মিথিলার ভাই হৃদয় জানান, থানায় জিডি করার পর একটি ভিওআইপি নম্বর থেকে ফোন আসে। বলা হয়, জিডি তুলে নিতে হবে। সেই সাথে ৫ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় মিথিলার ক্ষতি হবে। তবে মুক্তিপণের টাকা কিভাবে ও কোথায় পরিশোধ করতে হবে সে বিষয়ে কিছুই বলা হয়নি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম দৈনিক আজাদীকে বলেন, কলেজ শিক্ষার্থী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়ে পড়েছেন– এমন একটি জিডি পেয়েছি। উক্ত ঘটনায় আজকে (গতকাল) মামলাও হচ্ছে। আমরা এখন ভিকটিম ছাত্রীকে উদ্ধারসহ অপহরণ ও মুক্তিপণের পেঁছনে যারা রয়েছে তাদের শনাক্ত করার চেষ্টা করছি।












