বান্দরবানের থানচি উপজেলায় বলিপাড়া বাজারে ফের ভয়াবহ আগুনে পুড়েছে ১৩টি দোকানপাট। গতকাল বুধবার ভোর ৪টায় এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, ভোর রাতে হঠাৎ করে একটি দোকানে আগুনে দেখতে পায় বাজারে দায়িত্বরত চৌকিদার। পরে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় বাজারের ১৩টি বিভিন্ন পণ্যের দোকানপাট আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশ্ববর্তী আরও কয়েকটি দোকান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবি যৌথভাবে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ী উহ্লাশৈ বলেন, ২০২০ সালের ১০৯টি দোকান, ২০২৩ সালে ৫০টি, ২০২৫ সালে ১৩টি দোকানপাট ও সবশেষ চলতি বছরে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘুরে দাঁড়ানো দূরের কথা, বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলিপাড়ার ব্যবসায়ীরা। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিন্দু চাকমা বলেন, ১৩টি দোকানের কোনো দোকানদারই রাতে দোকানে থাকেন না। কোনো দোকানে ফ্রিজ চালু রেখে যাওয়ার কারণে ফ্রিজে ত্রুটি বা বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।












