মানুষের সেবা করাই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব

পটিয়ায় জেলা প্রশাসক

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সাধারণ মানুষ যাতে দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পায়, সেটিই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। শুধু ৯টা থেকে ৫টা অফিস করলেই হবে না, সাধারণ মানুষের কল্যাণে সরকারি কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে। ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাকর্মচারীদের চাকরি ফিরে পাওয়ার বিষয়ে জেলা প্রশাসন সংশ্লিষ্ট দপ্তরে কথা বলছে বলেও জানান তিনি।

গতকাল মঙ্গলবার দিনব্যাপী পটিয়ার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন উপকারভোগীর মধ্যে সরকারি সহায়তা বিতরণকালে এসব কথা বলেন জেলা প্রশাসক। বেলা সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও জরাজীর্ণ ইউনিয়ন পরিষদ ভবনটি পরিদর্শন করে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

পরে বেলা ১১টার দিকে পটিয়া উপজেলা ভূমি অফিস ও সদর পৌর ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় ভূমি সেবা কার্যক্রম, অফিস ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে উপজেলা ভূমি অফিসের অভ্যন্তরীণ পুকুরে প্রাতিষ্ঠানিক পর্যায়ে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক। এরপর পটিয়া পৌরসভা পরিদর্শন করেন। পৌর এলাকার নাগরিক সেবা, পরিচ্ছন্নতা ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় সরকারি সেবা, ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় প্রশাসনের কার্যক্রম এবং উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, সরকারি চাকরি শুধু ৯টা থেকে ৫টা অফিস করার জন্য নয়। সাধারণ মানুষ যাতে দ্রুত, সহজ ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পায়, সেটিই কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। মানুষের কল্যাণে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, সরকারি দপ্তরে কোনো মানুষ যেন সেবা নিতে এসে হয়রানির শিকার না হন। একজন নাগরিকের সমস্যা সমাধানে কর্মকর্তাদের দায়িত্বশীল ও মানবিক ভূমিকা পালন করতে হবে। মাঠপর্যায়ে সরকারের সেবার মান বাড়াতে সবাইকে আরও সক্রিয় হতে হবে।

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাকর্মচারীদের বিষয়ে জেলা প্রশাসক বলেন, ইসলামী ব্যাংক থেকে যারা চাকরিচ্যুত হয়েছেন, তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার বিষয়ে জেলা প্রশাসন কাজ করছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভা শেষে বিভিন্ন উপকারভোগীর মধ্যে সরকারি সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক। পটিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যেককে ১৮ হাজার টাকা করে মোট ৫ লাখ ৪০ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়। এছাড়া পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে হুইল চেয়ার এবং পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়। এ সময় স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে আর্থিক অনুদানের চেক এবং সরকারি শিশু পরিবার (বালক) শিশুদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে পটিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুইজন দুস্থ ও দরিদ্র নারীর হাতে দুটি সেলাই মেশিন ও ঢেউটিন তুলে দেন জেলা প্রশাসক।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দে, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জামাল হোসেন, উপজেলা আইসিটি অফিসার মৃন্ময় দাশ, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সৌম্য চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভূইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) দীপন কান্তি দে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আশীষ ধর, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সাদ্দাম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়াসহ উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন