সিজিএস বিজনেস সামিট আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে। তিন দিনের বিজনেস সামিট শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব, অর্থনীতি, অর্থায়ন, বিপণন, ব্যবসায়িক কৌশল, ব্যবসায়ে প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন উৎসাহিত করার দৃঢ় প্রতিশ্রুতি। বর্তমান প্রতিযোগিতামূলক বৈশ্বিক অর্থনীতিতে সাফল্যের জন্য প্রয়োজনীয় বিশ্লেষণাত্মক চিন্তা, সৃজনশীলতা এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বিকাশে এই আয়োজন সাজানো হয়েছে।
গতকাল সোমবার সার্সন রোডস্থ সিজিএস ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে প্রিন্সিপাল রুহবায়না মাহমুদ চৌধুরী, আদিয়াত মাহফুজ, সাফওয়ান সাজিদসহ অন্যান্য আয়োজকরা উপস্থিত ছিলেন। ১৭ সেপ্টেম্বর দুপুর ২.৩০ টায় চট্টগ্রাম ক্লাবে চট্টগ্রাম চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক তিন দিনব্যাপী অনুষ্ঠেয় এই সামিট উদ্বোধন করবেন।
এই সামিটে ব্যবসায়িক ধারণা প্রতিযোগিতা, যার এবারের থিম ‘ডিজাইন ইউর ফিউচার’ টেকসই, উদ্যোক্তা ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে আয়োজিত প্রায় ২০০ জন শিক্ষার্থী, ১২+ জন মেন্টর, ৪টি অভিজ্ঞতা–ভিত্তিক কর্মশালা, বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকবে। অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যবসায়িক খাতে নিজেদের ধারণা তৈরি ও উপস্থাপন করার পাশাপাশি বাস্তব ব্যবসায়িক জ্ঞান ও পরামর্শ লাভ করবে। প্রতিযোগিতায় ৩ ধাপে মোট ১ লাখ টাকা প্রাইজ পুল রয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












