সিপিএলে আবার দুর্দান্ত বোলিং মিরাজের

| মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

সিপিএলে ভালো বোলিংয়ের ধারা ধরে রাখলেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। তবে স্বল্প পুঁজি নিয়ে ম্যাচ জমাতেই পারেনি তার দল গায়ানা অ্যামাজন ওয়ারির্স। সিপিএলের ম্যাচটিতে বারবাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন মিরাজ। ক্যারিবিয়ার ফ্র্যাঞ্চাইজি আসরটিতে প্রথমবার খেলতে গিয়ে ৩ ম্যাচেই ৯ উইকেট হয়ে যায় তার। ওভারপ্রতি রান দিয়েছেন মোটে ৫.০৮। ৯৯ রানে গুটিয়ে যাওয়া গায়ানাকে এই ম্যাচে ৬ উইকেটে হারায় বারবাডোজ। এই ম্যাচের ফলাফলে পয়েন্ট তালিকায় কোনো প্রভাব পড়েনি। মিরাজদের শীর্ষস্থান নিশ্চিত ছিল আগেই, তেমনি বারবাডোজের তৃতীয় স্থানে থাকাও ছিল নিশ্চিত। ব্রিজটাউনে বাংলাদেশ সময় সোমবার ভোরে টস হেরে ব্যাটিংয়ে নামা গায়ানাকে শুরুতেই নাড়িয়ে দেন এএম গাজানফার। ম্যাচের তৃতীয় ওভারেই শিকার ধরেন তিনি তিনটি। মাভেন্ড্রা ডিন্ডিয়ালকে ফেরানোর পর আফগান স্পিনার টানা দুই বলে বিদায় করেন শেই হোপ ও শিমরন হেটমায়ারকে। মিরাজ ব্যাটিংয়ে নামে পাঁচে। চাপের মধ্যে শুরু করেন তিনি ধীরস্থির ব্যাটিংয়ে। পাওয়ার প্লে শেষ হওয়ার একটু পর টানা দুই বলে বিদায় নেন ওপেনার গ্লেন ফিলিপস ও ডোয়াইন প্রিটোরিয়াস। মিরাজ চেষ্টা করছিলেন লড়াইয়ের। ক্রিস গ্রিনকে চার মারার পর একটি ছক্কাও মারেন তিনি সুইপ শটে। ফিল্ডার জোহান লেইন বল মুঠোয় জমালেও তার পা স্পর্শ করে সীমানা দড়ি। তবে ইনিংসটি বড় করতে পারেননি মিরাজ। ছক্কার চেষ্টাতেই আউট হন ২৪ বলে ১৮ রান করে।

পূর্ববর্তী নিবন্ধএকাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২৫ সেপ্টেম্বর শুরু
পরবর্তী নিবন্ধগতিময় ফুটবল খেলতে অভ্যস্ত নয় আমাদের মেয়েরা : বাটলার