সাগর-রুনি হত্যার বিচার চেয়ে পরিবারের লিখিত অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

সাগররুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দাখিল করেছে তাদের পরিবার। গতকাল রোববার সাগররুনির পরিবারের পক্ষে রুনির ভাই নওশের আলম রোমান এই আবেদন করেন। খবর বিডিনিউজের।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর দেওয়া ওই অভিযোগে বলা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি আনুমানিক রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক গোলাম মোস্তফা সারওয়ার (সাগর সরওয়ার) ও এটিএন বাংলার সিনিয়র করেসপন্ডেন্ট মেহেরুন নাহার (মেহেরুন রুনি)। দীর্ঘ ১৪ বছরেও এই হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারেনি সরকার ও তদন্তকারী সংস্থাগুলো। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ব্যর্থ হওয়ার পর হাই কোর্টের নির্দেশে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স এই মামলার তদন্ত করছে, যার নেতৃত্ব দিচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই। কিন্তু টাস্কফোর্স গঠনের পর প্রায় দুই বছর হতে চললেও তদন্তের কোনো অগ্রগতি না হওয়ার বিষয়টি তুলে ধরে লিখিত অভিযোগে বলা হয়, ‘পরিবারের সদস্যরা চান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী ও দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচারের আওতায় আনুক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’

অভিযোগটি কমপ্লেইন্ট রেজিস্টারভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩এর ৮ ধারা অনুযায়ী এই মানবতাবিরোধী অপরাধের যথাযথ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে সেখানে। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, সাগররুনি হত্যা মামলার বিষয়ে কোনো তথ্যপ্রমাণ বা সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট তদন্ত সংস্থাকে দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসমালোচনা আর রাজনৈতিক উদ্দেশ্যে চরিত্র হনন এক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধখুব গরম চা-কফি পানে ক্যান্সারের ঝুঁকি ৩ গুণ