পটিয়ায় ডোবায় ভাসছিল অজ্ঞাত যুবকের লাশ

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:৪১ পূর্বাহ্ণ

পটিয়ায় ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস সড়কের করল এলাকার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে স্থানীয়রা ডোবার মধ্যে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, মরদেহটির পরনে থাকা পোশাক ও অন্যান্য আলামতের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। চট্টগ্রাম পিআইবি লাশের পরিচয় শনাক্তে কাজ করছে বলে জানা যায়।

পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, প্রথমে ৯৯৯এ ফোন পেয়ে লাশের খবর পায় পুলিশ। পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায়। তবে মরদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অজ্ঞাতনামা মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি আঞ্জুমানে মফিদুল ইসলাম সংস্থার মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের আনন্দ কেড়ে নিল কাভার্ডভ্যান