চট্টগ্রাম বন্দর ট্রাক–কাভার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের কার্যকরী পরিষদের ত্রি–বার্ষিক নির্বাচন ও নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ–কমিটির সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার (বন্দর জোন) মো. আমিরুল ইসলাম এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি হাজী মোহাম্মদ আবু সাইদ হারুন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবিরসহ নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন।
প্রধান অতিথি বলেন,একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য নগরীর জন্য সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবহন মালিক, কন্ট্রাক্টর, চালক ও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যত্রতত্র গাড়ি পার্কিং না করা এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে যানজট ও জনভোগান্তি অনেকাংশে কমানো সম্ভব। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, পরিবহন মালিক, কন্ট্রাক্টর, শ্রমিক ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












