যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে : ট্রাম্প

| শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০৯ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি সাংবাদিকদের বলেন, আমি মনে করি যুদ্ধ নির্বাচন শেষের পরপরই শেষ হবে। কারণ, ইরান আর বেশি দিন টিকে থাকতে পারবে না। তারা যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করতে মরিয়া হয়ে উঠেছে। খবর বিডিনিউজের।

তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নালএর প্রতিবেদনে বলা হয়, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ হোয়াইট হাউজে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা এক গোপন বৈঠকে সতর্ক করেছেন যে, এই লড়াই তার মেয়াদের বাকি দুই বছর, অর্থাৎ, ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে। ট্রাম্প এর আগেও যুদ্ধ শেষ করার বিষয়ে একাধিক সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু সেগুলোর কোনোটিই ঠিক হয়নি। সমপ্রতি ইরানযুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে পশ্চিম এশিয়ায় উত্তেজনা আরও বেড়েছে।

বৃহস্পতিবার সৌদি আরবের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ ২৪ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো জরুরি সতর্কতা জারি করে। ইয়েমেনের ইরানসমর্থিত হুতিদের সঙ্গে সৌদি বাহিনীর সংঘর্ষ তীব্র হওয়ার মধ্যে এই সতর্কতা জারি করা হয়। পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বিশ্বের জ্বালানি বাজারে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে চলে গেছে। হরমুজ প্রণালি ও লোহিত সাগরদুটি গুরুত্বপূর্ণ নৌপথ দিয়েই জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইনতে লেনদেন ৯.৮৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইরানকে সতর্ক করে হুতিদের লাগাম টেনে ধরতে বলল পাকিস্তান