মিরাজকে ‘বিশ্বমানের স্পিনার’ বললেন ইমরান তাহির

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১১ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চার ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সেন্ট লুসিয়া কিংসের ব্যাটিংয়ে ধস নামাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তার সঙ্গে ইমরান তাহিরের দুর্দান্ত বোলিংয়ে ১১৯ রানে গুটিয়ে যায় সেন্ট লুসিয়া। পরে ৯ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় গায়ানা। অভিষেকেই মিরাজের পারফরম্যান্সে মুগ্ধ অধিনায়ক ইমরান তাহির। ম্যাচ শেষে মিরাজের প্রশংসা করতে গিয়ে তাহির বলেন, ‘আমাদের সঙ্গে নবি ছিল। তার মান অনেক অনেক উঁচুতে। আমাদের সেরা বোলার ছিল। তবে পরে মিরাজ এলো, সত্যি বলতে, আমরা কিছুই ভাবিনি। এরপর সে খুবই ভালো বোলিং করল, ঠিক যেভাবে আমরা চেয়েছিলাম।’

তার চোখে বাংলাদেশের এই স্পিনার বিশ্বমানের, ‘তার মতো একজনকে দলে পাওয়া দারুণ ব্যাপার। বিশ্বমানের স্পিনার সে, আন্তর্জাতিকভাবে বিশ্বজুড়ে পারফর্ম করছে। তার সঙ্গে ও অন্য সবার সঙ্গে বোলিং করতে পেরে আমি রোমাঞ্চিত।’

মিরাজের সঙ্গে স্পিন আক্রমণে যোগ দেন তাহির। ১৭ রানে ৫ উইকেট নিয়ে সেন্ট লুসিয়ার ইনিংসের শেষটা করে দেন তিনি। ৪৭ বছর ১৬৬ দিন বয়সে পাঁচ উইকেট নিয়ে টিটোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে এই কীর্তির রেকর্ডও গড়েন দক্ষিণ আফ্রিকার সাবেক এই লেগ স্পিনার।

পূর্ববর্তী নিবন্ধআসিয়ান কাপের দল থেকে ছয় জনকে বাদ দিলেন কোচ ডুলি