সাতকানিয়ায় এক সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় সশস্ত্র ডাকাত দল পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। গত বুধবার রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. ছালেহ’র বাড়ি এলাকার বাসিন্দা সাংবাদিক মো. জাহেদুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
জাহেদুল ইসলাম জানান, আমার পরিবারের সদস্যরা অন্যান্য দিনের মত রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ৩টার দিকে ঘরের দ্বিতীয় তলায় জানালার গ্রিল কেটে ৮–১০ জনের সশস্ত্র ডাকাত ঘরে প্রবেশ করে। পরে তারা ঘরের পুরুষ সদস্যদের হাত ও চোখ বেঁধে মারধর করে এবং মহিলা ও শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাপক লুটপাট চালায়। এসময় ডাকাতরা নগদ ২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সাংবাদিক মো. জাহেদুল ইসলামের বাড়িতে ডাকাতি হয়েছে বলে শুনেছি। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।











