সন্দ্বীপে মাদকবিরোধী একটি ফেসবুক পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে এসপিবিএন–১ এ কর্মরত কনস্টেবলকে মারধর ও অপহরণ করে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় মো. করিম (৩৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার অভিযোগে বলা হয়, কনস্টেবল ইসমাঈল হোসেন নিজ বাড়িতে ছুটিতে আসেন। গত রোববার রাত ৮টা ২৫ মিনিটের দিকে বাড়ি থেকে সাইকেলযোগে সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডস্থ পন্ডিতের হাটের দক্ষিণ পাশে সাইকেল মেকানিক রোবলের দোকানে যান। এর কিছুক্ষণ পর আসামি করিমসহ ১৫/২০ জন আসামি পূর্বের মাদকবিরোধী একটি পোস্টের কমেন্টকে কেন্দ্র করে ইসমাঈলকে মারধর করে এবং একপর্যায়ে তাকে অপহরণ করে পন্ডিতের হাটের দক্ষিণে খুশি জামে মসজিদের দক্ষিণ–পূর্ব পাশে রাস্তার উপর নিয়ে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে।
পরবর্তীতে ভিকটিমের ভাই মো. হেলাল উদ্দীন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ১৯ জনের নামে এবং ৫ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি এজাহার দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। এক নম্বর আসামি আবদুল করিমকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার সকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়।
সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার আজাদীকে বলেন, আসামি করিমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ নিরলসভাবে কাজ করে চলছে।











