সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

ঢাকাইয়া আকবর খুনের মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর খুনের মামলায় আরেক সন্ত্রাসী ডেভিড ইমনকে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক তার এ রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে পুলিশের পক্ষ থেকে ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বরেন, ঢাকাইয়া আকবর খুনের মামলায় রিমান্ডে পাঠানোর পাশাপাশি বায়েজিদ থানার অপর একটি চাঁদাবাজির মামলায় (মামলা নং ৬৩//২৬) ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশও দিয়েছেন একই বিচারক।

আদালত সূত্র জানায়, গত বছরের মে মাসে পতেঙ্গা সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে আড্ডারত অবস্থায় আলী আকবর প্রকাশ ঢাকাইয়া আকবরকে গুলি করে খুন করা হয়। এ ঘটনায় আকবরের স্ত্রী রূপালী বেগম বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার ২ নম্বর আসামি ডেভিড ইমন। নামপরিচয় লুকিয়ে ‘মিরাজ’ সেজে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত ২৯ জুলাই যশোরের সীমান্ত এলাকা থেকে তিন সহযোগীসহ ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগর এলাকা থেকে তিনটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ফটিকছড়ি থানায় পাঁচজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়। তারা হলেন, মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমন, মো. শামীম, মো. শাফায়েত হোসেন, আল ইসলাম আলিফ প্রকাশ তমাল ও মো. মিঠু প্রকাশ ধামা ইলিয়াস। ধামা ইলিয়াস আগে থেকেই কারাগারে ছিলেন। পুলিশ জানায়, ধামা ইলিয়াসের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সহযোগীদেরসহ চট্টগ্রামজুড়ে ত্রাসের রাজত্ব কায়েমকারী ডেভিড ইমনকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে ছুটিতে থাকা পুলিশ সদস্যকে মারধরের পর চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় তিন চালকলকে আড়াই লাখ টাকা জরিমানা