আনোয়ারায় এসআরবি–৭ এর বিশেষ অভিযানে ৮৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার রাতে পিএবি সড়কের তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় এসআরবি–৭ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ ব্যাপারে গতকাল আনোয়ারা থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন –চকরিয়া থানার মালুমঘাট এলাকার বাসিন্দা আবদুল গফুরের পুত্র মো. সাকিব (১৯) ও একই এলাকার সেলিম উল্লার পুত্র জাহিদুল ইসলাম (২০)।
এসআরবি–৭ এর জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একটি নাম্বারবিহীন সিএনজি ট্যাক্সিযোগে কক্সবাজার থেকে মাদকের চালানটি চট্টগ্রাম শহরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করে। এসআরবি–৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে খবর পেয়ে এসআরবি –৭ এর বিশেষ টিম গত বুধবার তৈলারদ্বীপ সরকার হাটে অভিযান চালিয়ে একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা তল্লাশী চালিয়ে ৮৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবা উদ্ধার করে। এসময় তাদের বহনকরা সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, এসআরবি–৭ এর অভিযানে গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।











