কাপ্তাই সড়কের ওপর থাকা বিদ্যুতের তার বাঁশবোঝাই ট্রাকে আটকে ১১ কেভি বৈদ্যুতিক লাইনের একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে কাপ্তাই উপজেলার শিলছড়ি, বালুরচর, প্রশান্তি পার্কসহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ট্রাকটিতে বিপজ্জনক উচ্চতায় বাঁশ বোঝাই করা হয়েছিল। এর ফলে বাঁশের সঙ্গে বৈদ্যুতিক তার আটকে তা ছিঁড়ে যায় এবং ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, কাপ্তাই থেকে বাঁশবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাওয়ার সময় শিলছড়ি আনসার ক্যাম্পসংলগ্ন প্রশান্তি পার্কের সামনে সড়কের ওপর থাকা তারের সঙ্গে বাঁশ আটকে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।ট্রাকচালক মো. ইব্রাহিম বলেন, সড়কের ওপর নিচু করে ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক তার টাঙানো ছিল। এর ফলে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনা ঘটে।
কাপ্তাই ট্রাক মালিক সমিতির পক্ষ থেকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার মেরামতসহ বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে যে অর্থ খরচ হবে, তা সমিতির পক্ষ থেকে বহন করা হবে বলে জানানো হয়।
কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে বিদ্যুতের তারে টান পড়ে ১১ কেভি ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রান্সফরমারটি মেরামত করতে বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ শুরু করেছেন। দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রচেষ্টা চলছে বলেও জানান তিনি।











