বৃহত্তর চট্টগ্রামের চারটি স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফটিকছড়িতে দ্রুতগতির হাইসের চাপায় প্রাণ হারিয়েছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। তার নাম মারুফ (১২)। তাকে চাপা দিয়ে পালিয়ে যায় গাড়িটি। অপর তিনিটি দুর্ঘটনা ঘটেছে রাউজান, মীরসরাই ও চকরিয়ায়। রাউজানের ইট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন বিনাজুরী ইউনিয়নের সাবেক মেম্বার নুরুল ইসলাম টিটু (৫৫)। মীরসরাই উপজেলাস্থ জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সড়কে কন্টেনারবাহী ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন ঠিকাদার মোহাম্মদ হোসেন (৩৪)। চকরিয়ায় দ্রুতগামী স্লিপার বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা। এ সময় গুরুতর আহত হয় বৃদ্ধার সাথে থাকা নাতনী। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমাদের ফটিকছড়ি প্রতিনিধি জানান, চট্টগ্রাম–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়িতে গতকাল দুপুর ২টার দিকে মহাসড়কের বাঘমারা পুকুর সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় মারা যায় মারুফ। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। মারুফ নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়াগইজ্যার (নোয়াপাড়া) বাড়ির বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাজিরহাট হাইওয়ে থানার উপ–পরিদর্শক (এসআই) আজিজ জানান, ‘ সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির হাইস গাড়ি কিশোরটিকে চাপা দিয়ে পালিয়ে গেছে। গাড়িটিকে আটক করা যায়নি। মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।’
রাউজান প্রতিনিধি জানান, উপজেলা সদরের জলিলনগর ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনেগতকাল দুপুর ১২টার দিকে ইট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিনাজুরী ইউনিয়নের সাবেক মেম্বার নুরুল ইসলাম টিটু (৫৫) মারা গেছেন। এই ঘটনার পর উত্তেজিত জনতা সড়কে লাশ রেখে চট্টগ্রাম–রাঙামাটি সড়ক অবরোধ করে। প্রায় দেড় ঘন্টা অবোধ থাকার পর পুলিশ এসে অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা বলেছেন টিটুমেম্বার সড়কের ইউটার্ন পথে উত্তর পাশ থেকে হেঁটে পার হচ্ছিলেন। এসময় পশ্চিমমুখি আট হাজার ইটবাহী একটি ট্রাক দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। বিক্ষুব্ধ মানুষ দৌঁড়ে গিয়ে ট্রাকটি আটক করলেও চালক জনতার চোখ ফাকি দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটি আটক করেছে।
মীরসরাই প্রতিনিধি জানান, দুপুর দেড়টার দিকে জাতীয় অর্থনৈতিক অঞ্চল সড়কের সিপি মোড় এলাকায় ট্রাকের চাপায় মোহাম্মদ হোসেন (৩৪) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি অটোরিকশাচালক সাইফুল ইসলাম (৩৫) আহত হয়েছেন। নিহত মোহাম্মদ হোসেন ফেনীর সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট এলাকার এনামুল হকের ছেলে। তিনি জাতীয় অর্থনৈতিক অঞ্চলে ঠিকাদারি ব্যবসার পাশাপাশি স্কেভেটর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোহাম্মদ হোসেন সিএনজি টেঙি থেকে সড়কের ডান পাশে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। এ সময় পেছন থেকে একটি কন্টেনারবাহী একটি ট্রাক সিএনজি টেঙিটিকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় সিএনজি চালক সাইফুল ইসলামও আহত হন। আহত মোহাম্মদ হোসেনকে প্রথমে মীরসরাই সদরস্থ সেবা আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাতীয় অর্থনৈতিক অঞ্চলের শিল্পজোন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। মোহাম্মদ হোসেন গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
চকরিয়া প্রতিনিধি জানান, চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী স্লিপার বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধা। এ সময় গুরুতর আহত হয় বৃদ্ধার সাথে থাকা নাতনী। তারা একে অপরের হাত ধরে মহাসড়ক পার হচ্ছিলেন। গতকাল রবিবার সকাল সাড়ে দশটার দিকে মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম মরিয়ম খাতুন (৬৫)। তিনি চকরিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাজার পাড়া এলাকার বাসিন্দা। এ সময় আহত হয়েছে মরিয়মের নাতনী ত্বাকিয়া জন্নাত ইশফা (৮)। সে বরইতলী ইউনিয়নের শান্তিবাজার এলাকার প্রবাসী শফিউল আলমের কন্যা।
এ ব্যাপারে মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) গোলাম রব্বানী বলেন, ‘দাদী ও নাতনীকে ধাক্কা দেওয়া স্লিপার বাসটি জব্দ করা হয়েছে। নিহত বৃদ্ধার লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে।‘












