মাদকের সাথে কোনো আপস করা হবে না

রাঙ্গুনিয়ায় এমপি হুমাম কাদের

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজারহাট বাজারে মাদকবিরোধী এক র‌্যালি ও প্রতিবাদ সমাবেশ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিনের সভাপতিত্বে এবং পরিদর্শক (তদন্ত) সাফায়েত হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। প্রধান আলোচক ছিলেন এসপি মাসুদ আলম।

মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে এমপি হুমাম কাদের চৌধুরী বলেন, থানার মধ্যে এখন স্ট্রিক্টলি অর্ডার হচ্ছে, মাদক নিয়ে যদি কেউ ধরা পড়ে, আর তাকে যদি ছাড়ানোর জন্য কেউ যায়, তার বিরুদ্ধেও একই মামলা দায়ের করা হবে। আপনি আমার যত কাছেরই মানুষ হন না কেন, মাদকের সাথে যদি জড়িত থাকেন, তাহলে এটার প্রতি আমার কোনো দরদ থাকবে না আর আমি ক্ষমা করব না।

বালি বা অন্যান্য অবৈধ ব্যবসার সাথে কোনো আপস করা হবে না জানিয়ে তিনি বলেন, পুলিশ ও প্রশাসনের ওপর ভরসা রাখতে হবে। রাঙ্গুনিয়া থেকে মাদক নির্মূলে এলাকার মুরুব্বি ও যুবকদের নিজ নিজ অবস্থান থেকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধান আলোচকের বক্তব্যে এসপি মাসুদ আলম বলেন, জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে পর্যায়ক্রমে মাদকবিরোধী র‌্যালি, সমাবেশ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ জনগণের সেবক হিসেবে নিরপেক্ষভাবে কাজ করছে। তিনি রাঙ্গুনিয়াকে একটি মাদকমুক্ত ও শান্তিময় এলাকা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

সমাবেশ শেষে র‌্যালিটি রোয়াজারহাট বাজার থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক পথে মডেল থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন, অধ্যাপক ইউনুস চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, অধ্যাপক মোহাম্মদ মহসিন, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, আব্দুল শুক্কুর, গাজী জসিম উদ্দিন, হেলাল উদ্দিন শাহ ও একতিয়ার হোসেন, মোহাম্মদ ইলিয়াস তালুকদার, নুরুল আবছার চৌধুরী, শোয়েব কাদের প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধ‘এখানে কি আপনারা ডেঙ্গুর চাষ করতেছেন?’
পরবর্তী নিবন্ধআর্য্য সঙ্গীত সমিতির ১২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন