আর্য্য সঙ্গীত সমিতির ১২০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় বক্তারা বলেছেন, শাস্ত্রীয় সঙ্গীত একটি বিকাশমান সমাজের রসোত্তীর্ণ শিল্প, এটি কঠিন সাধনায় আয়ত্ত হয়। সমিতির প্রতিষ্ঠাতা সুরেন্দ্র লাল দাশের অন্তঃভাবনা ছিল শুদ্ধ সঙ্গীতই হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে মানুষের মনে মনুষ্যত্ববোধের উদয় ঘটাতে পারে, ধ্যান দিয়ে কল্পনা দিয়ে তার শ্রেয়তর সত্তার উন্মোচন ঘটাতে পারে। পরিচালনা পরিষদের সভাপতি শাহ্ সেলিম খালেদের সভাপতিত্বে গত ৪ সেপ্টেম্বর আর্য্য সঙ্গীত ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা গাজী সিরাজ উল্লাহ। বক্তব্য রাখেন রিয়াজ ওয়ায়েজ, সমিতির সম্পাদক রফিকুল ইসলাম, রত্নেন্দু ভট্টাচার্য ও মাখন বণিক, অধ্যক্ষা মৃণালিনী চক্রবর্ত্তী, সুজিত ভট্টাচার্য দোলন, দীপেন চৌধুরী, পুষ্পেন বড়ুয়া কাজল, অধ্যক্ষ তরুন কুমার দাশ প্রমুখ। সভা পরিচালনা করেন আবৃত্তি শিক্ষক অরুন ভদ্র। শেষে শাস্ত্রীয় সঙ্গীত, তবলা লহড়া ও নৃত্য পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।












